জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শূন্য পদে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে jobs.nu.ac.bd ওয়েবসাইটে আবেদন শুরু হবে এবং ১২ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে তিনজন এবং প্রভাষক পদে সাতজন নিয়োগ দেওয়া হবে।

সহকারী অধ্যাপক পদে আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিভাগে একজন করে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড-৬)। প্রভাষক পদে আইন বিভাগে দুটি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, দর্শন, মনোবিজ্ঞান ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগে একটি করে পদ রয়েছে। এ পদের বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)। প্রভাষক পদে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

সহকারী অধ্যাপক পদে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদভুক্ত বিভাগের প্রার্থীদের উভয় পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগের প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। সনাতন পদ্ধতির প্রার্থীদের উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে।

স্নাতকোত্তর ডিগ্রিধারীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে অন্তত তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এ ছাড়া স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে অন্তত তিনটি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে একটি ফার্স্ট অথর হিসেবে প্রকাশিত হতে হবে।

আরো পড়ুন:  বাংলাদেশ রেলওয়েতে ২২ আইনজীবী নিয়োগ, আবেদন ৪ অক্টোবর

প্রভাষক পদেও সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। উভয় পদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায়ও নির্ধারিত ফলাফল থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদন ফরম পূরণ করে Submit করার পর User ID ও Password দিয়ে লগইন করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

প্রার্থীদের সব পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদ, চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে সমতা নিরূপণ সনদ এবং প্রকাশনার সমর্থনে সত্যায়িত প্রমাণপত্রও জমা দিতে হবে।

অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপিসহ সব ডকুমেন্টের সত্যায়িত কপি নয় সেট আগামী ১২ অক্টোবর অফিস সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ে কাগজপত্র না পৌঁছালে আবেদন বাতিল হবে।

নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী বোর্ডের তারিখ ডাকযোগে, কুরিয়ার সার্ভিস, এসএমএস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন বাতিল করা হবে এবং নিয়োগসংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment