চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চলতি অক্টোবর মাসেই প্রকাশ হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে একটি দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
ফল প্রকাশের লক্ষ্যে পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ দ্রুতগতিতে শেষ করা হচ্ছে বলে জানা গেছে। মূল্যায়ন ও ফল প্রস্তুতির কার্যক্রম শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। পরীক্ষার পর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এ কারণে সব বোর্ডের পরীক্ষা ও পরবর্তী কার্যক্রম শেষ করতে সময়ের পার্থক্য তৈরি হয়।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেয়। রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ এবং কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন।
এ ছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেয়।