বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বকেয়া বেতন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে ঢাকার আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বগাবাড়ী আব্দুস সামাদ টাওয়ার সংলগ্ন এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকার জায়ান্ট স্টার ফ্যাশন লিমিটেড কারখানায় মজুরি বৈষম্য ও অনিয়মের প্রতিবাদ করায় অন্তত ৩০ জন শ্রমিককে জোরপূর্বক কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকদের পাওনা পরিশোধ এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শ্রমিকরা জানান, কারখানায় পর্যাপ্ত কাজ থাকার পরও কর্তৃপক্ষ বাইরের সাবকন্ট্রাক্টে কাজ করাচ্ছে। তাদের দাবি, কারখানার নিজস্ব শ্রমিকদের কাজের রেট দেওয়া হয় ৩৪ টাকা, বিপরীতে সাবকন্ট্রাক্টের শ্রমিকদের দেওয়া হয় ৪২ টাকা। এ নিয়ে শ্রমিকদের মধ্যে মজুরি বৈষম্য নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে তারা জানান।

শ্রমিকদের আরও অভিযোগ, ৮ থেকে ৯ মাস কাজ করার পরও অনেককে কারখানার পরিচয়পত্র দেওয়া হয়নি। নাইট ডিউটি করলেও তাদের নাইট বিল এবং বাৎসরিক ছুটির টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

শ্রমিকদের ভাষ্য, এসব অনিয়ম ও বৈষম্যের বিষয়ে কয়েকজন কর্মকর্তা কথা বলায় গত বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ বহিরাগত লোকজন দিয়ে অন্তত ৩০ জন শ্রমিককে জোরপূর্বক বের করে দেয়। এর প্রতিবাদেই শুক্রবার তারা সড়কে নেমে বিক্ষোভ করেন।

কর্মসূচিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, ছাঁটাইকৃত শ্রমিকদের সব পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অধিকার চাওয়ায় বহিরাগত লোক দিয়ে শ্রমিকদের বের করে দেওয়া মেনে নেওয়া যায় না। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালিকপক্ষের কার্যকর হস্তক্ষেপ চান তারা।

Read More:  পে-স্কেলের গেজেট নিয়ে দিনভর আলোচনা: ৫টি প্রশ্ন

তথ্য সূত্রঃ dailyadin

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment