বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

বিশ্বের সেরা পারফর্মিং ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে জায়গা পেয়েছে ব্র্যাক ব্যাংক। মার্কিন সাময়িকী ফোর্বস প্রথমবারের মতো প্রকাশিত ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’ তালিকায় ৮৯টি দেশের ৫০০টি ব্যাংককে স্থান দিয়েছে। মঙ্গলবার রাতে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকেও তালিকায় স্থান পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

ফোর্বস স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারির ভিত্তিতে এই বৈশ্বিক তালিকা তৈরি করেছে। ব্যাংকগুলোর বস্তুনিষ্ঠ আর্থিক তথ্যের ভিত্তিতে র‌্যাঙ্কিং করা হয়েছে বলে জানিয়েছে সাময়িকীটি। এ ক্ষেত্রে এসঅ্যান্ডপি ক্যাপিটালের মতো শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারীর তথ্য, গবেষণা এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিজস্ব তথ্য ব্যবহার করা হয়েছে।

ব্যাংকের কার্যক্রম ও আর্থিক সক্ষমতা মূল্যায়নে চারটি সূচক বিবেচনা করা হয়েছে। সূচকগুলো হলো মুনাফাযোগ্যতা, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, মূলধন ও তহবিলের সক্ষমতা এবং সম্পদের গুণমান ও দক্ষতা। এসব সূচকের পাশাপাশি সম্পদের আকার অনুযায়ী ব্যাংকগুলোকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।

৫০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ থাকা ব্যাংকগুলোকে টিয়ার-১ বা বৈশ্বিক ব্যাংক হিসেবে ধরা হয়েছে। ১০ হাজার থেকে ৫০ হাজার কোটি ডলারের ব্যাংক টিয়ার-২ বা বড় ব্যাংক এবং ৫ হাজার থেকে ১০ হাজার কোটি ডলারের ব্যাংক টিয়ার-৩ বা উচ্চ-মধ্যম আকারের ব্যাংক হিসেবে শ্রেণিবদ্ধ হয়েছে।

এ ছাড়া ২ হাজার থেকে ৫ হাজার কোটি ডলারের ব্যাংক টিয়ার-৪, ১ হাজার থেকে ২ হাজার কোটি ডলারের ব্যাংক টিয়ার-৫ এবং ৩০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের ব্যাংক টিয়ার-৬ শ্রেণিতে রয়েছে। বাংলাদেশের ব্র্যাক ব্যাংক এই ছয় শ্রেণির মধ্যে টিয়ার-৫ বা ‘লোয়ার মিড-সাইজ ব্যাংক’ শ্রেণিতে স্থান পেয়েছে।

৫০০ ব্যাংকের তালিকায় টিয়ার-৫ শ্রেণিতে ব্র্যাক ব্যাংকের অবস্থান ৭৩তম। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রেফাত উল্লাহ খান। ফোর্বসের তথ্য অনুযায়ী, ব্যাংকটিতে বর্তমানে কর্মীর সংখ্যা ৭ হাজার ৪৮৩।

আরো পড়ুন:  নগদ থেকে লোন নেওয়ার উপায় ২০২৬ (সর্বশেষ তথ্)

ফোর্বসের তালিকায় স্থান পাওয়ার বিষয়ে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান প্রথম আলোকে বলেন, এটি শুধু ব্র্যাক ব্যাংকের একক অর্জন নয়, বাংলাদেশের জন্যও বড় অর্জন। তাঁর ভাষ্য, ব্যাংকটি দীর্ঘদিন ধরে সুনাম, সুশাসন ও দক্ষতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে এবং গত বছর বিভিন্ন আর্থিক সূচকে ভালো প্রবৃদ্ধি করেছে।

তিনি বলেন, পূর্বসূরিদের তৈরি ভিত্তির ওপর তাঁর নেতৃত্বে কর্মী, উদ্যোক্তা, পরিচালনা পর্ষদ, শেয়ারধারী ও আমানতকারীদের সঙ্গে নিয়ে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করে টেকসই প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা করা হয়েছে। ফোর্বসের বৈশ্বিক ৫০০ ভালো ব্যাংকের তালিকায় স্থান পাওয়া সেই ধারাবাহিকতার প্রতিফলন এবং ব্র্যাক পরিবারসহ বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

Rakib Hasan

আমি একজন লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি খবর, চাকরি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি ও দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে তথ্যবহুল ও সহজবোধ্য কনটেন্ট প্রকাশ করেন। তাঁর লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী তথ্য প্রদান করা।

Sharing Is Caring:

Leave a Comment