৫১তম বিশেষ বিসিএসে ইতোমধ্যে ৪১ হাজার ৩২৫ জন চিকিৎসক আবেদন করেছেন। তবে তাঁদের মধ্যে অনেকেই এখনো আবেদন ফি জমা দেননি। ফলে প্রকৃত আবেদনকারীর সংখ্যা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আজ রবিবার (২৫ অক্টোবর) আবেদনের সময় শেষ হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।
পিএসসি সূত্র জানিয়েছে, আবেদনকারীদের একটি অংশ আবেদন সম্পন্ন করলেও ফি জমা দেননি। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দেওয়ার পরই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই ফি জমা দেওয়া প্রার্থীর সংখ্যা যাচাই শেষে মোট আবেদনকারীর প্রকৃত সংখ্যা জানা যাবে।
৫১তম বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ পিএসসির ওয়েবসাইটে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ১ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়।
রবিবার আবেদন জমা দেওয়ার সময় শেষ হলেও আবেদনকারীরা পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমা দেওয়ার পরই আবেদন সম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।