রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দেবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। একই সঙ্গে রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শাটল বাস দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা মনে করছেন অনুমোদন হওয়ার পর থেকেই ট্রেনগুলো রাবি স্টেশনে যাত্রা বিরতি দেবে। তবে বিষয়টি এমন নয়। স্টেশনটি দুই যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। তাই এটি সংস্কার ও কার্যকর করতে কিছুটা সময় প্রয়োজন হবে।
তিনি বলেন, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস নামের দুটি আন্তঃনগর ট্রেন রাবি স্টেশনে যাত্রা বিরতি দেবে। গভীর রাতে চলাচলকারী আরও তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির বিষয়েও আলোচনা চলছে।
ততদিন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত্রিকালীন ট্রেনগুলোর সময়ের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শাটল বাসের ব্যবস্থা করবে। এর মাধ্যমে রাতে চলাচলকারী ট্রেনে যাতায়াতকারী শিক্ষার্থীদের স্টেশনে পৌঁছানোর সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে রাকসুর জিএস টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ না করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সবসময় শিক্ষার্থীবান্ধব আচরণ করার অনুরোধ করেন। স্টেশনটি কার্যকর হওয়ার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ধৈর্য ধরার কথাও বলেন তিনি।
উল্লেখ্য, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনটি অকার্যকর অবস্থায় পড়ে আছে। শিক্ষার্থীদের সুবিধার্থে গত ৬ আগস্ট দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়।