২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও সমমান এবং ডিপ্লোমা পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ-২০২৬-এর তথ্য অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পাঠাতে হবে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ কার্যক্রম ডিজিটাল প্রক্রিয়ায় পরিচালিত হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। দেশের সব উচ্চ মাধ্যমিক ও সমমান এবং ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ব্যানবেইস পরিচালিত বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৬-এর আওতায় প্রতিবছরের মতো এবারও অনলাইন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হবে। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে একযোগে এই কার্যক্রম চলবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান এবং ডিপ্লোমা স্তরের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করার পর জরিপের তথ্য পাঠাতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ-২০২৬-এর অনলাইন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থী-সংক্রান্ত তথ্য ব্যানবেইস সার্ভারে সাবমিট করতে হবে।