বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল অক্টোবরের প্রথমার্ধের মধ্যে প্রকাশের পরিকল্পনা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে ফল প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বদলি প্রক্রিয়ার জটিলতাগুলো সমাধানের পর সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, শিক্ষকদের বদলি নিয়ে আগামীকাল সোমবার দুপুর ২টায় আবারও সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বদলি প্রক্রিয়ায় থাকা বিভিন্ন জটিলতা নিয়ে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মাউশি ডিজি বলেন, বিষয়গুলো কীভাবে সমাধান হবে তা জানার পর বদলির ফল প্রকাশের সম্ভাব্য সময়সীমা বলা যাবে। সমস্যাগুলো দ্রুত সমাধান করা গেলে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেও ফল প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি।
এর আগে রবিবার দুপুর ৩টার পর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বদলির সার্বিক বিষয় শিক্ষামন্ত্রীকে অবহিত করা হলেও ফল প্রকাশের তারিখ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সভায় শিক্ষকদের বদলি আবেদন এডিট বা বাতিলের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। যেসব আবেদনে ভুল রয়েছে, সেগুলো সংশোধন বা বাতিলের সুযোগ দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী ইতিবাচক মতামত দিয়েছেন বলে জানা গেছে। তবে শিক্ষা সচিব আবদুল খালেক সভায় উপস্থিত না থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।
এ ছাড়া শূন্য পদ না থাকা এবং এনটিআরসিএর প্রতিস্থাপন হওয়া ১৯৫টি পদ নিয়েও সভায় আলোচনা হয়েছে। বদলি প্রক্রিয়ার এসব বিষয় কীভাবে সমাধান করা হবে, তা নিয়ে সোমবারের সভায় পুনরায় আলোচনা করা হবে।
সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভুল থাকা আবেদনগুলো এডিট বা বাতিলের সুযোগ দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী ইতিবাচক। তবে আলোচিত বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আবারও সভা ডাকা হয়েছে।
মাউশি মহাপরিচালক বলেন, সোমবারের সভায় বদলি নিয়ে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এসব সিদ্ধান্তের ওপরই শিক্ষকদের বদলির ফল প্রকাশের সময় নির্ভর করবে।